Buy me a coffee
Home Poems কবির ফাঁসি চাই!
📜 A poem by Sakib Jawhar

কবির ফাঁসি চাই!

Hang the Poet!
📅 Nov 11, 2026⏱ 2 min readBengali

A satirical courtroom indictment demanding the poet be hanged for waking people up.

← All poems

🌐 This poem is shown in its original Bengali.

মহামান্য বিচারক, মাই লর্ড,
আজকে যে আসামিকে আপনার এজলাসে
দাঁড় করিয়েছি -
সে কোন সাধারণ অপরাধী নয়!
সে অত্যন্ত নৃশংস, ধূর্ত ও চতুর!
সে সমাজের কোন বিধি নিষেধ
মানতে চায় না মাই লর্ড -
সে ছিঁড়ে ফেলতে চায়
আমাদের সমাজের চমৎকার কাঠামো কে,
যে কাঠামো দাঁড়িয়েছে বহু ত্যাগ তিতিক্ষার পর!
সে চোখ রাঙায় আমাকে আপনাকে
আমাদের সকলকে
তার ভাষ্য মতে, আমরা নাকি মিথ্যের পূজারী
শোষক এবং পচে-গলে যাওয়া সমাজের ধারক ও বাহক!
আস্পর্ধা লক্ষ করেছেন ধর্মাবতার!
মাই লর্ড, এই অপরাধীর দিকে একবার লক্ষ করুন,
দয়া করে তার চোখের দিকে তাকান
তার চোখ জ্বলন্ত অঙ্গার,
শুধু মাত্র প্রতীক্ষা সব জ্বালিয়ে দেবার!
এই অপরাধী হুঙ্কার ছাড়ে প্রতিনিয়ত তার
কবিতার পাতায়, মানুষকে পড়তে বলে,
বুঝতে বলে, অধিকারের জন্য লড়তে বলে,
সংগ্রাম ও একতার কথা বলে,
বিবেক কে জাগ্রত করতে বলে!
কিন্তু কেন মাই লর্ড!
কেন বিবেককে জাগ্রত করতে হবে??
কেন একতা, অধিকার ও সংগ্রাম করতে হবে?
আমরা কি চেষ্টা করি নি,
আমরা কি যথেষ্ট চাপ প্রয়োগ করি নি,
এই শব্দগুলো যেন মানুষ ভুলে যায়?
এই ঘৃণ্য শব্দগুলো যেন আর কোন
অভিধানে, পুস্তকে, পত্রিকাতে, টিভিতে না আসে?
আমরা কি মানুষকে বুঝাই নি,
যে দারিদ্র কত মহান? টাকা দিয়েই সুখ কেনা যায় না?
তাহলে, কেন এখন এই প্রতিবাদের আগুন মাই লর্ড?
তাহলে, কেন এখন এই বিভীষিকার ডাক?
কেন এখন মানুষকে জাগ্রত করতে চায় এই নৃশংস কবি?
আমি এর তীব্র নিন্দা জানিয়ে
ফাঁসি চাই এই কবির!
শুধুই ফাঁসি মাই লর্ড!
যে হাত, যে আঙ্গুল কলম উঠাবে
আমাদের সিস্টেমের বিরুদ্ধে..
সে হাত ভেঙে দিতে হবে মাই লর্ড!
যে মানুষের চোখে আঙ্গুল দিয়ে
দেখাবে আমাদের পাপের চলচিত্র,
সে আঙ্গুল কেটে ফেলতে হবে মাই লর্ড!
যে কবি শোনাবে জাগরণের গান,
জ্বালবে আশার প্রদীপ,
সে প্রদীপ, সে মশাল নিভিয়ে দিতে হবে
মাই লর্ড!
তবে তাই হোক!
আজ থেকে, আর কোন কবি লিখবে না,
গাইবে না, বলবে না!
দেখবে না, শুনবে না, শোনাবে না!
আজ থেকে হুলিয়া হল জারি!
লিখবে যে প্রতিবাদী গান,
গর্দান নাও তারই!
✒️
© 2026 The Quiet Pulse. All rights reserved. All content, including poems, stories, images, and designs, is the intellectual property of Sakib Jawhar and may not be reproduced without written permission.

Contact

Promotion & collaboration:

thequietpulses@gmail.com

Your small donation would help me keep this creative journey alive. Any amount matters, and your contribution means a lot. With love, TQP :)

Buy me a coffee