King, kudos to you!
This poem is a poignant cry against societal inequality, weaving personal anguish with a fierce call for justice and resilience.
পেছনে ফেলে আসা সময় গুলো,
বড্ডো তাড়া করে আমাকে!
ভালো লাগে না কেন যেন কিছুই
আরো অনেকের মতোই..
আমিও আজ “ভালো না লাগা”-র অসুখে আক্রান্ত।
কি করবো বলুন!
সমাজের পাটাতনে,
সবার পা সমান পড়ে না!
এই যে আপনারা, সাহেবেরা!
মসৃন চকচক করা গাল, পরিপাটি চুল,
ধোপার ঘর হতে আসা নিখুঁত ভাঁজহীন
কিংবা এক্কেবারে নতুন ব্র্যান্ডের স্যুট-টাই পরে
বাবু সেজে আমার সামনে বসে
আমার কথা গুলো গেলার চেষ্টা করছেন!
ভালো লাগছে না আপনারও!
আমি জানি!
কিন্তু তবুও,
এই গরীবের, কণ্ঠ ছাড়া আছেই আর বা কি বলুন?
অনেক কষ্ট করে আমি আপনাদের সামনে এসে আজকে দাঁড়িয়েছি!
বড্ডো চেষ্টা করছি, মনে আসা অশ্রাব্য গালি গুলো মুখে না আনতে,
মা বার বার বলে দিয়েছেন, আপনাদেরকে খুব সম্মান করতে!
কারণ, আপনার আমাদের মহান অন্নদাতা!
মা আরও বলেছেন, আমি যেন আমার বিবেককে বুঝাই;
ছোটলোক হয়ে জন্মানো আমার অপরাধ,
কিন্তু এই অপরাধের কারণে,
আমার কোন বাক স্বাধীনতা থাকতে পারে না!
এক্কেবারেই পারে না!
অথচ,
আজকে বাক স্বাধীনতা থাকলে,
আমি আপনাদেরকে,
পুঁজিবাদের জারজ সন্তান বলে ডাকতে পারতাম অবলীলায়!
আমি বলতে পারতাম, তোদের লোভের ঘূর্ণি পাকে
প্রতিদিন ধর্ষিত হই আমি ও আমরা।
পড়াশোনার গন্ডি ছেড়ে আজ সংসারের ঘানি টানতে
আমাকেও আজ থেকে তুলে নিতে হবে কাজের জোয়াল!
অথচ, প্রতিদিন,
তোদের তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হই আমরা,
তোদের লালসার শিকার হয় আমার মা-বোন!
আমি দেখতে পাই,
তোদের টাকার গায়ে লেগে আছে অদেখা রক্তের ছাপ
অপুষ্টিতে ভোগা শিশুর চিৎকার
বিক্রি হয়ে যাওয়া কিশোরীর কুমারীত্ব,
ডাস্টবিনে পরে থাকা ভ্রূণের অভিশাপ।
তোদের গা থেকে পারফিউমের সুবাস নয়,
বের হয় দারিদ্রের আর্তনাদের বিষাক্ত-দুর্গন্ধ ও ঘৃণার বহিঃপ্রকাশ!
কিন্তু আজ আমি কিছুই বলতে পারবো না!
অথচ, এই ফুল দিয়ে সাজানো নিয়ন আলোর মঞ্চে,
নিয়ম নীতির তোয়াক্কা না করা এই তোদের হাত থেকে
আমাকে কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করতে হবে
দানের বিশটি হাজার টাকা,
ও, একটি “চাকর”-ইর নিয়োগ পত্র!
যা আমার বাবা তোদের রক্ত চোষা,
উনিশশো কটকটি সালে বাতিল হয়ে যাওয়া মেশিনে
এই দেশের অথনীতির চাকা ঘুরাতে গিয়ে
দুর্ঘটনার শিকার হয়ে শহীদ হয়েছেন গত সাল!
ইন্সুরেন্সের কোটি টাকার বদলে,
যে বিশটি হাজার টাকা আপনারা সদয় হয়ে
আমাদের হাতে তুলে দিচ্ছেন,
তাহার জন্যে আমি ও আমার মা যারপরনাই কৃতজ্ঞ!
দারিদ্রের দুষ্ট চক্রে বন্দি আমি, আমরা, বা আপনারা
যারা শিকল বন্দি হয়ে আছি শতাব্দীর পর শতাব্দী..
তারা নিজেদের কপাল চাপড়ানো ছাড়া আর কীই বা করতে পারি?
তাই আসুন, ধন্যবাদ দেই এই সাহেব-বাবুদেরকে!
ধন্যবাদ দেই এই সকল মহান সিআইপি, ভিআইপিদের!
যারা আবার ইদানিং-
ভোটার বাজারে বেশ নাম কামিয়ে,
মহামান্য সাংসদ ও মন্ত্রী হয়ে বসে আছেন!
তাই তারা আজ আমার-আপনার
বুকের উপরে তৈরী হওয়া সড়কে
পতাকা উড়িয়ে ছুঁটে চলেন উল্কার গতিতে!
তাই চলুন, আমরা দলে দলে তাদের কুর্নিশ করি!
সেলাম! মহারাজা!
তোমায় সেলাম!
Copyright: Sakib Jawhar, 2025

Leave a Reply